বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আধুনিক লিভার ক্যানসার ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। ছয়টির বেশি বিভাগের সমন্বয়ে এখানে লিভার ক্যানসারের সমন্বিত চিকিৎসা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হেপাটোলজি বিভাগের উদ্যোগে গত আগস্ট থেকে ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে চলছিল। বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
উপাচার্য বলেন, লিভার ক্যানসার এখন গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। কার্যকর প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসার ফল ভালো হয়। তাঁর মতে, এই ক্লিনিক রোগীদের সংগঠিত ও সমন্বিত চিকিৎসা দেওয়ার পাশাপাশি গবেষণার নতুন সুযোগ তৈরি করবে।
লিভার ক্যানসার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে একই দিন বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে একটি বৈজ্ঞানিক সেমিনারও হয়। প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক এবং এনাম মেডিকেল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ; সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. এস কে এম নাজমুল হাসান।
ছবি: উইকিমিডিয়া কমন্স (CC BY 2.5)
সূত্র: সারাবাংলা



মন্তব্য
(০)