কানাডার ইথানল শিল্প দীর্ঘদিনের প্রতিশ্রুত ক্লিন ফুয়েল রেগুলেশনসের (সিএফআর) সংশোধন চূড়ান্ত করতে কেন্দ্রীয় সরকারকে চাপ দিচ্ছে। তাদের অভিযোগ, দেরির সুযোগে আমদানি করা মার্কিন ইথানল দেশটির বাড়তে থাকা বাজারের বড় অংশ নিয়ে নিচ্ছে।
কানাডার ভুট্টাচাষি ও দেশীয় ইথানল উৎপাদকদের জোট ফার্মস অ্যান্ড ফুয়েলস অ্যালায়েন্স রিনিউয়েবল ইন্ডাস্ট্রিজ কানাডার সঙ্গে মিলে প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে (Mark Carney) চিঠি দিয়েছে। তারা নির্দিষ্ট কিছু সংশোধন চেয়েছে, যার মধ্যে আছে কানাডায় তৈরি ইথানলের জন্য ন্যূনতম ১.৪ গুণ ক্রেডিট গুণক। তাদের যুক্তি, মার্কিন উৎপাদকেরা যুক্তরাষ্ট্রের ৪৫জেড ক্লিন ফুয়েল প্রোডাকশন ক্রেডিট পেয়ে কানাডায় প্রতিযোগিতা করছে, এতে সমতা ফিরবে। জোটটি বলছে, সমস্যাটি এক বছরের বেশি আগে চিহ্নিত হলেও প্রতিশ্রুত সমাধান এখনো প্রকাশ হয়নি।
গ্রিনফিল্ড গ্লোবালের নীতি ও বহিঃসম্পর্ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট আন্দ্রিয়া কেন্ট বলেন, প্রস্তাবটি বদলে যাওয়া উত্তর আমেরিকার বাজারের প্রতিফলন, আর এতে কানাডার নিজস্ব জ্বালানি নীতির তৈরি চাহিদায় দেশীয় উৎপাদকেরা ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পাবেন। শিল্প প্রতিনিধিদের মতে, এটি নতুন ভর্তুকি নয়, বিদ্যমান নিয়মের মধ্যেই একটি সমন্বয়।
কৃষকের স্বার্থ সরাসরি জড়িত। গ্রেইন ফার্মার্স অব অন্টারিওর চেয়ার জেফ হ্যারিসন জানান, প্রদেশের ভুট্টার প্রায় এক-তৃতীয়াংশ ইথানল কারখানায় যায়। তিনি আরও জানান, এক হিসাবে ২০২৪ সালে পেট্রোলে ইথানল মেশানোয় কানাডায় পাইকারি দাম লিটারপ্রতি প্রায় ৭.৪ সেন্ট কমেছে।
কানাডা মার্কিন ইথানলের জন্য ১০০ কোটি গ্যালন, অর্থাৎ প্রায় ৪০০ কোটি লিটারের রপ্তানি বাজার হয়ে উঠবে, এমন প্রত্যাশায় তাড়া আরও বেড়েছে। অ্যালকো এনার্জি কানাডার প্রধান নির্বাহী কেভিন নর্টন বলেন, তাঁদের দাবি সহজ: ২০২৬ সালের মধ্যেই দেশে তৈরি ইথানলের জন্য ১.৪ গুণ গুণক চূড়ান্ত করা, যাতে জ্বালানি নীতির সুফল, গ্রামীণ কর্মসংস্থান আর ভুট্টার চাহিদা দেশেই থাকে।
ছবি: Peter Giesbrecht / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)