মসজিদে মোবাইল ফোন ব্যবহারে গুনাহ হবে কি না, তা নির্ভর করে ব্যবহারের ধরন ও উদ্দেশ্যের ওপর, এমনটাই জানিয়েছেন ঢাকার মোহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। ইত্তেফাক ডিজিটালকে তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, ইবাদত, জিকির ও দ্বীনি আমলের জায়গা; এর আদব ও সম্মান রক্ষা প্রত্যেক মুসলিমের দায়িত্ব।
তাঁর মতে, আদব বজায় রেখে একান্ত প্রয়োজনীয় ও বৈধ কাজে মোবাইল ব্যবহার করা যেতে পারে। তবে অপ্রয়োজনে ফোন ঘাঁটা, খেলা বা বিনোদনে ব্যস্ত থাকা এবং এমনভাবে ছবি-ভিডিও দেখা, যাতে অন্য মুসল্লিদের ইবাদতে ব্যাঘাত ঘটে, তা থেকে বিরত থাকা উচিত।
সম্ভব হলে ফোন বাড়ি, অফিস বা দোকানে রেখে আসা ভালো; না হলে মসজিদে ঢোকার আগেই বন্ধ বা সাইলেন্ট করে রাখতে হবে। রিংটোন ও মেসেজ অ্যালার্টে গান-বাজনা বা শরিয়তবিরোধী শব্দ না রাখার পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি ফোন এলে যথাসম্ভব বাইরে গিয়ে কথা বলা, না পারলে নিরিবিলি জায়গায় নিচু স্বরে সংক্ষেপে কথা বলা উচিত, বিশেষ করে জামাতের সময় সতর্ক থাকতে হবে।
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে একান্ত প্রয়োজনীয় বার্তা আদান-প্রদান করা যেতে পারে, তবে অপ্রয়োজনীয় মেসেজ, অনৈতিক বিষয়বস্তু বা অন্যের মনোযোগ নষ্ট করে এমন কাজ নয়। একইভাবে মসজিদে ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রাম অপ্রয়োজনে ব্যবহার না করে ইবাদত ও জিকিরে মনোযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।
মোবাইলের ওয়ালপেপারে মানুষ বা প্রাণীর ছবি থাকলে সে বিষয়ে নির্ভরযোগ্য আলেমের কাছে বিধান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি: Faisal.Omar / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: ইত্তেফাক




মন্তব্য
(০)