ঢাকাই মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস তুলার গবেষণায় সর্বোচ্চ আর্থিক ও আনুষঙ্গিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। রোববার (১৮ অক্টোবর) ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত 'ঢাকাই মসলিন তৈরির কাঁচামাল ফুটি কার্পাস তুলার জাত উন্নয়ন' বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তাঁত বোর্ডের গবেষণায় এরই মধ্যে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। ফুটি কার্পাস তুলার জাত, জিনগত বৈশিষ্ট্য ও আঁশের গুণগত মান নিয়ে চলমান গবেষণা মসলিনের টেকসই উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
তিনি পুনরুদ্ধার করা মসলিন তৈরির প্রযুক্তি দ্রুত বেসরকারি উদ্যোক্তাদের কাছে পৌঁছানোর ওপর জোর দেন। তাঁর মতে, দক্ষ তাঁতি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের যুক্ত করতে পারলে মসলিনের বাণিজ্যিক উৎপাদন বাড়ানো সম্ভব; স্বকীয়তা ও মান রেখে উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করা গেলে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় বাড়বে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটি কার্পাস ও মসলিন গবেষণার অগ্রগতি নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্দেশনা দিয়েছেন; সে অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয় গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেবে। গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, তাঁতিদের দক্ষতা উন্নয়ন ও বিপণনে সরকার, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সেমিনারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন এবং মিসরের কটন রিসার্চ ইনস্টিটিউটের তুলা প্রজননবিষয়ক প্রধান গবেষক ড. আহমেদ মোহাম্মদ আবদেলমোঘনি আবদুলবাকিসহ দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষক-শিক্ষার্থী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ছবি: Atikur.khokon / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0); দেশি কার্পাস তুলা (Gossypium arboreum)
সূত্র: সারাবাংলা





মন্তব্য
(০)