কৃষি রোবট তৈরির স্টার্টআপদের সত্যিকারের খামারে যন্ত্র বানানো ও পরীক্ষার সুযোগ দেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রিজার্ভয়ার (Reservoir)। এবার তারা ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা উপত্যকায় নতুন একটি পরীক্ষা খামার খুলছে। 'রিজার্ভয়ার ফার্মস ওয়াশিংটন' চালু হবে ২০২৭ সালের বসন্তে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সদস্য স্টার্টআপের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।
সমস্যাটা পুরোনো: খামারের যন্ত্র মাঠে না খাটিয়ে বোঝা যায় না সেটি কাজের কি না। রিজার্ভয়ারের মডেলে তাই স্টার্টআপরা গবেষক ও চাষিদের পাশে বসে চালু খামারে প্রযুক্তি তৈরি, পরীক্ষা ও সংশোধন করে। ক্যালিফোর্নিয়ার স্যালিনাস ও সোনোমা এবং অ্যারিজোনার ইউমায় তাদের খামার আগে থেকেই চলছে।
ওয়াশিংটনে প্রথমে কাজ হবে আপেল, নাশপাতি, চেরি ও চাষ করা ব্লুবেরি নিয়ে; পরে ওয়াইনের আঙুর ও হপস, আর আরও পরে সারি ফসল। রিজার্ভয়ারের ভাষায়, ব্লুবেরিতে তাদের স্টার্টআপদের প্রায় সব চ্যালেঞ্জ একসঙ্গে মেলে: ফল না থেঁতলে যন্ত্রে তোলা কঠিন, শ্রমনির্ভর সংগ্রহ, আর রোগ ও পোকার চাপ লেগেই থাকে। ওয়াশিংটনের আপেল বাগানে পরিবর্তনশীল খরচের ৫০ থেকে ৫৭ শতাংশই শ্রমিকের মজুরি।
নতুন খামারে যোগ দিচ্ছে চারটি সদস্য প্রতিষ্ঠান: কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত খামার রোবট নির্মাতা বনসাই রোবোটিকস, ড্রোন দিয়ে ফসল থেকে পাখি তাড়ানোর প্রতিষ্ঠান স্কাই সেন্স, নিখুঁত মাত্রায় স্প্রে করার প্রতিষ্ঠান কর্ডন, আর বিদ্যুৎ দিয়ে আগাছা মারার যন্ত্র নির্মাতা রুটলাইন রোবোটিকস। রুটলাইনের প্রাক-বীজ তহবিলে রিজার্ভয়ার বিনিয়োগ করেছে; প্রতিষ্ঠানটি এখন সোনোমায় নমুনা যন্ত্র বানাচ্ছে।
অংশীদার হিসেবে আছে ওয়াশিংটন ট্রি ফ্রুট রিসার্চ কমিশন, নর্থ আমেরিকান ব্লুবেরি কাউন্সিল এবং আর্থিক সহায়তা দেওয়া ট্রাই-সিটি ডেভেলপমেন্ট কাউন্সিল। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির প্রসার গবেষণা কেন্দ্রের সঙ্গেও অংশীদারির কথা চলছে। ফল গবেষণা কমিশনের নির্বাহী পরিচালক আইনেস হ্যানরাহান বলেন, যে যন্ত্র ওয়াশিংটনের একটি মৌসুম পার করেনি, সেটি এখানকার মৌসুমের জন্য তৈরি নয়; স্থানীয়ভাবে পরীক্ষা না হলে চাষিরা প্রযুক্তি নেবেন না।
রিজার্ভয়ারের প্রতিষ্ঠাতা ড্যানি বার্নস্টাইন এজিফান্ডনিউজকে বলেন, উন্নত সেন্সর, এজ কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা আর বাজারে তৈরি যন্ত্রাংশের কল্যাণে এখন ছয় মাসের কম সময়ে একটি যন্ত্র জোড়া দিয়ে পরীক্ষা করা যায়। তাঁদের আগ্রহ পুরো যন্ত্রের চেয়ে নতুন ধরনের যন্ত্রাংশে; যেমন মাঠে আগে থেকে কাজ করা রোবটে রুটলাইনের আগাছা দমনের প্রযুক্তি জুড়ে দেওয়া যায়।
জন ডিয়ার তিন বছরে ১ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর ওয়েস্টার্ন গ্রোয়ার্সের সঙ্গে তিন বছরের ১৫ লাখ ডলারের অংশীদারি হয়েছে। বার্নস্টাইনের দাবি, ২০২৫ সালে স্যালিনাসে যাত্রা শুরু করা রিজার্ভয়ার এ বছর লাভে আছে এবং ২০২৬ সালে বার্ষিক পুনরাবৃত্ত আয় ৫০ লাখ ডলার ছাড়াবে। সদস্যপদ বিনা মূল্যের স্তর থেকে মাসে ৬,০০০ ডলারের প্যাকেজ পর্যন্ত।
ছবি: Brian Prechtel / উইকিমিডিয়া কমন্স (Public domain)
সূত্র: এজিফান্ডনিউজ





মন্তব্য
(০)