Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

২০ বছরে ২০ লাখ ইঁদুর নিধন

জানা যায়, প্রতিদিন একটি ইঁদুর ২৭ গ্রাম খাবার খায়। এছাড়া, প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ খাবার নষ্ট করে।

ঢাকা ট্রিবিউন৩১ মার্চ ২০২০ · ২ মিনিটের পড়া

জানা যায়, প্রতিদিন একটি ইঁদুর ২৭ গ্রাম খাবার খায়। এছাড়া, প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ খাবার নষ্ট করে।

২০ বছরে ২০ লাখ ইঁদুর নিধন করেছেন মাগুরার কাঠমিস্ত্রী আব্দুল হান্নান। আর এর মাধ্যমে তিনি উপকার করে যাচ্ছেন কৃষকদের।

হান্নানের গল্পের শুরুটা এমন- একবার ১৫ মণ ধান কিনে ঘরে রেখেছিলেন তিনি। কিন্তু মাস পাঁচেক পরে মেপে দেখলেন সেখানে চার মণ ধান কম! বাড়িতে ইঁদুরের আনাগোনা দেখে যা বোঝার বুঝে গেলেন তিনি।

এরপর থেকে তার মাথায় ঘুরতে লাগলো ইঁদুর নিধনের পরিকল্পনা। কাঠমিস্ত্রির কাজের অভিজ্ঞতা থেকে দিন কয়েকের চেষ্টায় একটি ইঁদুর মারার যন্ত্র বানিয়েও ফেলেন হান্নান। যন্ত্রের কার্যকারিতা বোঝা গেল মাত্র একমাসেই। এই ব্যবধানে তার বাড়ি হয়ে গেলো ইঁদুর মুক্ত।

এ সাফল্য হান্নানকে ভাবালো অন্যভাবে। এবার তিনি শুরু করলেন এলাকার বাড়ি ও ফসলের মাঠগুলোর ইঁদুর নিধন। ৬ মাসের মধ্যে তার গ্রাম বড়খড়ি হলো ইঁদুর মুক্ত। এ ঘটনা ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে ডাক আসতে শুরু কর হান্নানের। এখন হান্নানের এ সাফল্য ছড়িয়ে পড়েছে পুরো মাগুরা জেলায়।

হান্নান জানান, ২০১০ সালে সে ১ লাখ ৯০ হাজার ইঁদুর মেরে পুরস্কারও পেয়েছিলেন তিনি। পরের বছর আবারও তার এ সম্মান মেলে ২ লাখ ১০ হাজার ইঁদুর নিধনের জন্য। গত ২০ বছরে কমপক্ষে ২০ লাখ ইঁদুর নিধন করেছেন বলে দাবি করেন তিনি।

হান্নানের গ্রাম বড়খড়ির বাসিন্দা সাগর হোসেন বলেন, হান্নান একেবারেই নিঃস্বার্থভাবে সমাজের বিশেষ করে কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে। শুধু নিজ গ্রাম নয়, যখন যেখান থেকে ডাক আসে, ছুটে যান হান্নান।

তিনি আরও বলেন, কোনও অ্যাকাডেমিক শিক্ষা না থাকলেও কাঠমিস্ত্রী হান্নান সমাজসেবায় উদ্বুদ্ধ। পুরো কাজটাই তিনি করেন কোনও রকম বিনিময় ছাড়া। নিজের বানানো যন্ত্রগুলোও তিনি রেখেছেন সবার জন্য উন্মুক্ত।

এ বিষয়ে হান্নান ঢাকা ট্রিবিউনকে বলেন, এ কাজ আমার পেশা নয়, নেশা। সমাজের মানুষের জন্য সামান্য উপকারে আসতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব। এভাবেই ফসলের শত্রু ইঁদুর নিধন করে মাধ্যমে সমাজের উপকার করতে চাই।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হান্নানের অনেক বড় কাজ করছে। প্রতিদিন একটি ইঁদুর ২৭ গ্রাম খাবার খায়। এছাড়া, প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ খাবার নষ্ট করে।

পরিসংখ্যানে দেখা যায়, সারাদেশে প্রতিবছর ইঁদুর ৫৪ লাখ মানুষের খাদ্যশস্যের ক্ষতি করে।

তাই হান্নানের এমন উদ্যোগকে উৎসাহিত করে দেশব্যাপী তার উদ্যোগের প্রচারণা প্রয়োজন বলে মনে করেন কৃষি কর্মকর্তা সোহরাব।

ট্যাগ#ইঁদুর#ঢাকা ট্রিবিউন#মাগুরা#নিধন#ইঁদুর নিধন
ঢাকা ট্রিবিউনদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()