দুই দিন আগে বৃষ্টি হলেও কলকাতার বাতাসের মান আবার খারাপ হতে শুরু করেছে। শহরের কয়েকটি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১০০ ছুঁইছুঁই, আর পাশের হাওড়ার দাশনগরে তা ৩০০ ছাড়িয়ে 'খুব খারাপ' পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে কলকাতার এই সময়।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপে শনিবার বিকেলে দাশনগরের দুটি জায়গায় একিউআই ছিল ৩১৪ ও ৩২০। লেকটাউনের ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে সন্ধ্যা ৬টায় তা ছিল ১৯০, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এলাকায় ৯৩, বানতলায় ৯৬ ও ব্যারাকপুরে ১০৩। এসব জায়গায় পিএম-২.৫ ও পিএম-১০ দুটি কণাই সহনশীল মাত্রার অনেক ওপরে ছিল।
পরিবেশকর্মীদের মতে, উৎসবের মৌসুমে রাস্তায় হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া এর একটি বড় কারণ; পুলিশ কড়াভাবে যান নিয়ন্ত্রণ করলে একিউআই কমানো সম্ভব। প্রতিমা বিসর্জনে আতশবাজি ঠেকাতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও তাঁদের আশঙ্কা।
আবহবিদদের ব্যাখ্যায়, শীতে বায়ুমণ্ডলের নিচের স্তর স্থির হয়ে যায়, ফলে সূক্ষ্ম দূষণকণা ওপরে উঠতে পারে না। তাপমাত্রা কমার সঙ্গে কুয়াশা শুরু হওয়ায় কণাগুলো আরও বেশি সময় নিচের স্তরে আটকে থাকে। যানবাহনের ধোঁয়া আর শীতে জ্বালানি পোড়ানোকেও দায়ী করছেন বিশেষজ্ঞেরা।
চিকিৎসকদের আশঙ্কা, এতে বয়স্ক, শিশু ও শ্বাসকষ্টের রোগীদের হাঁপানি, ব্রঙ্কাইটিস ও হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে। পরিবেশকর্মীরা যান নিয়ন্ত্রণের পাশাপাশি খোলা জায়গায় আগুন জ্বালানো বন্ধের দাবি জানিয়েছেন।
প্রতিবেদন: সুপ্রকাশ মণ্ডল ও দেবার্ঘ্য ভট্টাচার্য্য, এই সময়
ছবি: Arne Hückelheim / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: এই সময়





মন্তব্য
(০)