ফিলিপিন্সের তাল আগ্নেয়গিরিতে লাভা উদগীরণ শুরু, 'বিপজ্জনক অগ্নুৎপাতের' আশঙ্কা
ফিলিপিন্সে একটি আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, 'কয়েক ঘণ্টা বা কয়েক দিনের' মধ্যেই 'বিপজ্জনক অগ্ন্যুৎপাতের' আশঙ্কা রয়েছে।
ফিলিপিন্সে একটি আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, 'কয়েক ঘণ্টা বা কয়েক দিনের' মধ্যেই 'বিপজ্জনক অগ্ন্যুৎপাতের' আশঙ্কা রয়েছে।
স্থানীয় সময় সোমবার সকালের দিকে তাল আগ্নেয়গিরি থেকে দুর্বল লাভা উদগীরণ শুরু হয়-আগ্নেয়গিরিটি রাজধানী ম্যানিলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
বিশাল মাত্রায় ছাই উদগীরণের কারণে স্থানীয় ৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার পর এই লাভা উদগীরণ শুরু হলো।
তাল ফিলিপিন্সের দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি।
একটি লেকের মাঝখানে দ্বীপের মতো জায়গায় অবস্থিত আগ্নেয়গিরিটি বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরি এবং গত সাড়ে চারশ বছরে এটি ৩৪ বার অগ্ন্যুৎপাত করেছে।
"তাল আগ্নেয়গিরির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে... যা চৌম্বকীয় উদগীরণ ঘটাতে পারে রাত ২:৪৯ থেকে ভোর ৪:২৮-এর মধ্যে...এটি মূলত দুর্বল লাভা যার সাথে বজ্রপাতও হতে পারে," এক বিবৃতিতে একথা জানিয়েছে ফিলিপিন্স ইন্সটিটিউট অব ভলকানোলজি এন্ড সিসমোলজি (ফিভোলক্স)।
কিন্তু প্রতিষ্ঠানটির পরিচালক রেনাটা সোলিডাম বলেন, ভয়ংকর বিস্ফোরণের চিহ্ন যেমন "ছাই, পাথর, গ্যাস মিশ্রিত লাভা যা আনুভূমিকভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে" ধাবিত হয় তা এখনো দেখা যায়নি, সিএনএন ফিলিপিন্সকে তিনি একথা বলেন।
ফিভোলক্স সতর্ক সংকেতের মাত্রা তিন থেকে বাড়িয়ে চার করা হয়েছে। এ ধরণের ঘটনায় সর্বোচ্চ সতর্ক সংকেত দেয়া হয় পাঁচ।
কর্তৃপক্ষ আরো সতর্ক করে বলেছে যে, অগ্ন্যুৎপাতের কারণে সুনামির আশঙ্কা রয়েছে, যা উদগীরণের পর লাভা পানিতে পড়ার কারণে পানি স্থলভাগে চলে আসতে পারে এবং ঢেউ তৈরি করতে পারে।
রবিবার, আগ্নেয়গিরিটি থেকে প্রচণ্ড শব্দে প্রচুর ছাই নির্গত হয় এবং সাথে ভূমিকম্পের মতো কাঁপুনিও ছিল।



