বর্ষা বিদায়ের এই সময়ে আমড়ার বেচাকেনায় জমজমাট দক্ষিণাঞ্চলের নদী-খালের হাট। প্রথম আলোর আলোকচিত্রী সাইয়ানের তোলা ছবির গল্পে ধরা পড়েছে ঝালকাঠি ও পিরোজপুরের আড়তে মৌসুমি আমড়া কেনাবেচার ব্যস্ততা।
খুব ভোরে বাগান থেকে গাছপাকা আমড়া পেড়ে ছোট ছোট নৌকায় করে হাটে নিয়ে আসেন চাষিরা। খালের বুকে একের পর এক ভিড়তে থাকে আমড়াভর্তি নৌকা, তারপর শুরু হয় বেচাকেনার হাঁকডাক। নৌকা থেকে ক্রেটে আমড়া তুলে দ্রুত আড়তে পৌঁছে দিতে ব্যস্ত থাকেন চাষি ও শ্রমিকেরা।
আড়তে চলে দরদাম আর ডিজিটাল পাল্লায় ওজন মাপা। মেঝেতে স্তূপ করা আমড়া থেকে শ্রমিকেরা আকার ও মান অনুযায়ী বাছাই করে আলাদা ক্রেটে রাখেন। বাছাই শেষে দূরের যাত্রার জন্য আমড়া ভরা হয় বস্তায়, তারপর ট্রাকে তোলার অপেক্ষায় থাকে।
ভরা মৌসুমে শ্রমিকদের দম ফেলার ফুরসত নেই; মাথায় বাঁশের ঝুড়িতে আমড়া নিয়ে ছুটতে দেখা যায় তাঁদের। পাইকারদের হাত ঘুরে এসব আমড়া সড়কপথে পৌঁছে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে।
ঝালকাঠির বিনয়কাঠি ও হিমানন্দকাঠি এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর, জিন্দাকাঠি ও আদমকাঠির হাট এখন আমড়াচাষি, পাইকার ও শ্রমিকদের উপস্থিতিতে মুখর। আকার ও মানভেদে প্রতি মণ আমড়া বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।
আলোকচিত্র: সাইয়ান, প্রথম আলো। মূল ছবির গল্পটি প্রথম আলোর ওয়েবসাইটে দেখা যাবে।
ছবি: Francisco Manuel Blanco / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন); আমড়া (স্পন্ডিয়াস ডালসিস) গাছের উনিশ শতকের উদ্ভিদচিত্র।
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)